বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে গুঁড়িয়ে নকআউটে জাপান

স্পোর্টস ডেক্স :

১৯৩০ সালে উরুগুয়ের মাটিতে যে বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল, আজ মন্তেরেই স্টেডিয়ামে এসে পূর্ণ হলো তার ‘হাজারতম ম্যাচ’। ইতিহাসের পাতায় নাম লেখানোর এই স্মরণীয় ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে জাপান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিল এশিয়ান ব্লু সামুরাইরা। অন্যদিকে টানা দুই হারে আসর থেকে বিদায় নিশ্চিত হলো তিউনিসিয়ার।

ম্যাচের বাঁশি বাজতে না বাজতেই তিউনিসিয়াকে স্তব্ধ করে দেয় জাপান। মাত্র ৪ মিনিটে দাইচি কামাদার দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় তারা। শুরুর ধাক্কা সামলে তিউনিসিয়া ম্যাচে ফেরার পথ খুঁজছিল। এর মধ্যেই ৩১ মিনিটে তাদের রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। মাঝমাঠ থেকে বল পেয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাপান।

বিরতি থেকে ফিরেও তিউনিসিয়াকে ম্যাচে ফেরার কোনো সুযোগ দেয়নি ব্লু সামুরাইরা। ম্যাচের ৬৯ মিনিটে জুনিয়া ইতোর নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করে জাপান। তবে জাপানি ঝড়ের তখনও বাকি ছিল। ম্যাচের ৮৩ মিনিটে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন সেই উয়েদা। বক্সে বল পেয়ে ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তিনি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *