আন্তর্জাতিক ডেক্স :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তবে এই চুক্তি নিয়ে মার্কিন প্রশাসনকে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। এক বার্তায় তিনি দাবি করেছেন, ইরানের কোনো আগ্রহ নয় বরং আমেরিকার চরম মরিয়াভাবই এই চুক্তি স্বাক্ষরের পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে।
খামেনি লিখেছেন, ‘আপনারা ইতোপূর্বেই অবগত হয়েছেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।’
তিনি উল্লেখ করেন, ইরানি কর্মকর্তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই পর্যায়ে পৌঁছানোর জন্য কাজ করলেও, মার্কিন পক্ষই এর জন্য সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করেছিল। সর্বোচ্চ নেতার ভাষায়, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই মূলত নিরুপায় হয়ে এই চুক্তি সম্পন্ন করতে সব ধরনের কৌশল ও সুযোগ ব্যবহার করেছেন।
এই চুক্তির বিষয়ে নিজের ব্যক্তিগত আপত্তির কথা প্রকাশ করে আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘নীতিগতভাবে আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল।’ তবে ইরানের প্রেসিডেন্ট দেশের জনগণের অধিকার এবং ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর স্বার্থ রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়ায় তিনি এই চুক্তিতে সম্মতি দিয়েছেন বলে জানান।
তিনি মার্কিন প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, চুক্তির বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত কোনো দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে ইরান তা কখনোই মেনে নেবে না। দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি নিজেকে ‘এক বিনম্র সেবক’ হিসেবে উল্লেখ করেন এবং চুক্তির শর্তগুলো বাস্তবায়নের দিকে নজর রাখার কথা বলেন।