একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে

নিজস্ব প্রতিবেদক :

দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে জনপ্রিয় চিত্রতারকা শাকিব খান অভিনীত ‘বরবাদ’, ‘তাণ্ডব’ এবং ‘রকস্টার’ এই তিনটি সিনেমা চলছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত আজমান রুশোর পরিচালনায় ‘রকস্টার’ এখনও নিয়মিত প্রদর্শিত হচ্ছে। একজন রকস্টারের জীবনের নানা উত্থান-পতন এবং ভালোবাসা ও টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই সিনেমা। এতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, মিথিলা, সুনিধি, তারিক আনাম, রোজি সিদ্দিকী।

এরই মধ্যে দর্শকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে স্টার সিনেপ্লেক্স ‘সামার বাংলা হিট ফেস্ট’ আয়োজন করেছে, যা চলছে ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত। এরই অংশ হিসেবে পুনরায় প্রদর্শনে আনা হয়েছে শাকিব অভিনীত গেল বছরের সর্বাধিক আলোচিত সিনেমা রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রযোজনায় মেহেদী হাসান হৃদয় পরিচালিত শাকিব-ইধিকার ‘বরবাদ’ এবং এসভিএফ আলফা আই প্রযোজিত রায়হান রাফী পরিচালিত শাকিব, সাবিলা নূর, জয়া আহসান অভিনীত ‘তাণ্ডব’।

ঈদে মুক্তির পর থেকেই ‘রকস্টার’ দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। অন্যদিকে ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ পুনঃপ্রদর্শনের ঘোষণার পর সিনেমাপ্রেমীদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস।

ফলে স্টার সিনেপ্লেক্সে বর্তমানে শাকিব খানের তিনটি সিনেমার ত্রিমুখী দাপট দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহব্যাপী এই আয়োজনের মাধ্যমে দর্শকরা বড় পর্দায় উপভোগ করতে পারবেন সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত ও দর্শকপ্রিয় চলচ্চিত্রগুলো।

‘বরবাদ’, ‘তাণ্ডব’ ছাড়াও ‘উৎসব’, ‘বনলতা এক্সপ্রেস’—এই দুটি সিনেমাও চলছে। ভিন্ন ভিন্ন গল্প, নির্মাণশৈলী ও অভিনয়গুণে প্রশংসিত এই চার সিনেমাকে একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

উৎসবের উদ্দেশ্য ও প্রত্যাশা ব্যক্ত করে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “তীব্র গরমের এই মৌসুমে দর্শকদের সুস্থ বিনোদন দিতে এবং দেশীয় চলচ্চিত্রের জোয়ার বজায় রাখতেই আমাদের এই বিশেষ আয়োজন। আমরা সব সময় দর্শকদের রুচিশীল সিনেমা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, এমন আরও অনেক দর্শকপ্রিয় বাংলা সিনেমা নিয়ে এ ধরনের ফেস্টিভ্যাল করতে চাই। আশা করছি, ভিন্ন ভিন্ন ঘরানার এই চারটি চলচ্চিত্র সব বয়সের দর্শককে হলমুখী করবে এবং ‘সামার বাংলা হিট ফেস্ট’ বাংলা সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *