কদমতলী প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের জুরি বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক: কদমতলী প্রেসক্লাবে থানা এলাকায় বসবাসরত ও কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত এ সভায় প্রায় অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন দৈনিক মানবকণ্ঠের রিপোর্টার মোঃ সোলায়মান এবং দৈনিক সকালের সময়-এর সিটি রিপোর্টার ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন দৈনিক বাংলাদেশের আলোর সিনিয়র রিপোর্টার কাঞ্চন চৌধুরী সুমন। পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকরা নিজেদের মতামত, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং একটি ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গঠনের বিষয়ে ব্যাপক আলোচনা হয়। আলোচনা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে একটি ৭ সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়। এই জুরি বোর্ডের সদস্যরা হলেন— দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক সিনিয়র রিপোর্টার নান্নু মীর, দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, এটিএন বাংলার ম্যানেজার (অ্যাডমিন) পারভেজ ইমাম, ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক মুক্ত খবর-এর সিনিয়র রিপোর্টার জসিম মেহেদী, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলম শিকদার, দৈনিক আজকাল পত্রিকার সাংবাদিক ও কবি নজরুল সাহিত্য মঞ্চের চেয়ারম্যান অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ শাহীন এবং কদমতলী থানা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মাঝি।
​জুরি বোর্ডের সদস্যরা পারস্পরিক আলোচনার মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন, যার মধ্যে অন্যতম হলো কদমতলী থানা এলাকায় কর্মরত ও বসবাসরত সকল সাংবাদিককে একটি অভিন্ন সংগঠনের আওতায় নিয়ে আসা। একই সাথে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচন করে নতুন কমিটি গঠন করা হবে। এই লক্ষ্যে জুরি বোর্ড আগামী ১৫ দিনের মধ্যে সদস্য সংগ্রহ, সদস্য যাচাই-বাছাই এবং ভোটার তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন করবে; যার পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন, নির্বাচন নীতিমালা প্রণয়ন এবং নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ কদমতলী এলাকার গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সহযোগিতা ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে। জাঁকজমকপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা শেষে সাধারণ আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এবং জুরি বোর্ড খুব শিগগিরই তাদের সিদ্ধান্তসমূহ সকল সদস্যের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি নির্বাচন সংক্রান্ত বিস্তারিত নীতিমালা প্রকাশ করবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *