গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক :

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে একদল দুর্বৃত্ত মোক্তারপাড়া সেতুর পাশে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওচিত্রে দেখা যায়, নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া ব্রিজের দক্ষিণ পাশে মোটরসাইকেলে করে কয়েকজন লোক এসে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। পরে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তারা সেখান থেকে চলে যায়। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।নেত্রকোনা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান ফেসবুকে এক পোস্টে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় তিনি ছাত্রলীগকে দায়ী করেছেন। একইসঙ্গে আগুন দেওয়ার ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক শেখ বদরুল আমীন জানান, জুলাই স্মৃতিস্তম্ভে যারা অগ্নিকাণ্ড ঘটিয়েছে তারা নিঃসন্দেহে দুষ্কৃতিকারী। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা বলেন, যে বা যারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, জুলাই স্মৃতিস্তম্ভে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *