পার্বত্যমন্ত্রীর পদত্যাগে ‘ঝড়’ পাহাড়ের রাজনীতিতে নতুন উত্তাপ

নিজস্ব প্রতিবেদক :মন্ত্রী দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগে পাহাড়ের রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। গতকাল দ্বিতীয় দিনের মতো পার্বত্য জেলার অলিগলি থেকে শুরু করে রাজপথ প্রতিবাদ-বিক্ষোভে প্রকম্পিত হয়ে ওঠে। তার পদত্যাগের ইস্যুটি তিন পার্বত্য জেলার গণ্ডি ছাড়িয়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এই ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঝড়’ বইছে। স্থানীয় নেতাদের একের পর এক ফেসবুক পোস্টে উঠে আসছে ভেতরের নানা আজানা কাহিনী। মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে চলে আসা লুটপাটতন্ত্রে লাগাম টানতে গিয়েই অনেক রথী-মহারথীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন দীপেন দেওয়ান। সেই বিরোধ চরম আকার ধারণ করে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন ইস্যুকে কেন্দ্র করে। নির্লোভ ও সৎ হিসাবে পরিচিত দীপেন দেওয়ান বিতর্কিত লোকদের জেলা পরিষদে রাখার ঘোর বিরোধী ছিলেন। দীপেনের মন্ত্রিত্ব ছাড়ার বিষয়টি মেনে নিতে পারছেন না তার অনুসারী ও দলের স্থানীয় বড় একটি অংশের নেতাকর্মীরা। দীপেনের মন্ত্রিত্ব পুনর্বহালের দাবিতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। তারা বলছেন, ক্ষমতার দ্বন্দ্ব, নিজ দলের নেতাদের ষড়যন্ত্র ও তার ওপর অযাচিত হস্তক্ষেপের কারণে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। অনেকের বক্তব্য বিষয়টি অসুস্থতা নয়-মন্ত্রণালয় পরিচালনায় কর্তৃত্ব প্রতিষ্ঠা, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন ও রাঙামাটি জেলা বিএনপির রাজনীতির নিয়ন্ত্রণ নিতে দলের কিছু মহলের ষড়যন্ত্রে তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *