বিনোদন ডেক্স :ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নব্বই দশক থেকেই শিকড়ের সন্ধানে স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে এর বিভিন্ন পর্ব। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে প্রাচীন জনপদ নরসিংদী জেলাকে। এই পর্বটি আগামী ৫ জুন, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে।রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মাণ করা হয়েছিল এবারের নান্দনিক মঞ্চ। ইত্যাদির ধারণকে কেন্দ্র করে গোটা নরসিংদীজুড়েই ছিল সাজ সাজ রব। নির্ধারিত সময়ের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল।অনুষ্ঠানস্থলের ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি দর্শক আসায় তৈরি হয় এক অভূতপূর্ব দৃশ্য। স্থান সংকুলান না হওয়ায় শত শত মানুষ আশপাশের বিভিন্ন বহুতল ভবনের ছাদ, রাস্তা, দেয়াল এবং গাছের ডালে চড়ে বসেন। অনুষ্ঠানে থাকছে দুটি বিশেষ গান, যার একটি গেয়েছেন নরসিংদীরই কৃতিসন্তান ইমন চৌধুরী ও তাঁর দল ‘বেঙ্গল সিম্ফনি’। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ লেখনীতে এই ফোক-ফিউশনধর্মী গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই। মঞ্চে বর্ণাঢ্য আয়োজনে চিত্রায়িত এ গানটি দর্শকদের মনে নিশ্চিতভাবেই দোলা দেবে। অন্যদিকে, অনুষ্ঠানের শুরুতেই নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকথা নিয়ে থাকছে একটি জমকালো পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় এই গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।স্থানীয় নৃত্যশিল্পীদের চমৎকার এই পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। ইত্যাদির দর্শকপর্বের নিয়ম মেনে, ধারণস্থান নরসিংদীকে নিয়ে করা কুইজের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে ৪ জনকে বিজয়ী নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে এই নির্বাচিত দর্শকরা নরসিংদীর বিখ্যাত ঐতিহ্যবাহী পণ্য নিয়ে তৈরি একটি নাট্যাংশে অংশ নেন।এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, আব্দুল আজিজ, বড়দা মিঠু, সুভাশিষ ভৌমিক, আনোয়ার শাহী, সুমন পাটোয়ারী, আমিন আজাদ, শাহেদ আলী, আনন্দ খালেদ, সাজ্জাদ সাজু, সাদিয়া তানজিন, সূচনা শিকদার, রকি খান, মুকুল সিরাজ, হানিফ পালোয়ান, জাহিদ শিকদার, কামাল বায়েজিদ, জিল্লুর রহমান, আশরাফুল আলম সোহাগ, সাইদুর রহমান পাভেল, সাবরিনা নিসা, সুজাত শিমুল, সুবর্ণা মজুমদার, জামিল হোসেন, বিলু বড়ুয়া, তারিক স্বপন, আনোয়ারুল আলম সজল, আবু হেনা রনি, নিপুসহ আরও অনেকে।ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।