বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক :বৃহস্পতিবার দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। জিলহজ মাসের চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই দিন নির্ধারণ করা হয়েছে। ঈদ উপলক্ষে এবার ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল শুরু হয়েছে এ ছুটি। গতকাল অফিস শেষ করেই ঈদের ছুটিতে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন লাখো চাকরিজীবী।

ঈদযাত্রা যেন সাধারণ মানুষের জন্য নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়, সেজন্য আগেভাগেই ছুটির বিষয়টি ঢেলে সাজিয়েছে সরকার। পূর্ব নির্ধারিত ছুটির সঙ্গে মন্ত্রিসভার বিশেষ সিদ্ধান্তে আরও এক দিন যুক্ত করায় এবার মোট সাত দিনের লম্বা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঈদের মূল ছুটির সঙ্গে আগের ও পরের নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে এই দীর্ঘ ছুটির তালিকা চূড়ান্ত করা হয়েছে। ঈদযাত্রা সহজ করতে গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।ছুটিতে দেশের সব হাসপাতাল ও জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, হাসপাতাল, চিকিৎসাসেবা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও ডাক সেবার মতো জরুরি বিষয়গুলো ছুটির আওতামুক্ত থাকবে। একই সঙ্গে জরুরি সেবা সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির দিনগুলোতেও নিয়মিত দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *