১৫০ বছরের প্রাচীন বগুড়া পৌরসভা এখন সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক :

উত্তরাঞ্চলের প্রবেশ দ্বার বগুড়ায় ১৮৭৬ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা এখন সিটি করপোরেশন। বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সরকার বিভাগ গেজেট প্রকাশ করায় দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে বগুড়া অবশেষে সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ খবরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত গেজেটে জানানো হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৩(৩) অনুযায়ী বর্তমান বগুড়া পৌরসভা এবং আশপাশের সম্প্রসারিত এলাকা যুক্ত করে নতুন এ সিটি করপোরেশন গঠন করা হয়েছে। নতুন সিটি করপোরেশনের সীমানা ও ওয়ার্ড বিন্যাসও নির্ধারণ করা হয়েছে।

দেশের ১৩তম এ নতুন সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে। এতে বগুড়া পৌর এলাকার পাশাপাশি সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলার কয়েকটি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে, ফুলবাড়ি, নিশিন্দারা, কাটনারপাড়া, সুত্রাপুর, চকবৃন্দাবন, মালগ্রাম, ঠনঠনিয়া, গাড়ামাড়া, মালতিনগর, লতিফপুর, ফুলদীঘি, বেতগাড়ীসহ আরও কয়েকটি অঞ্চল।

এর আগে সম্প্রসারিত এলাকা নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণ করা হয়। পরে মতামত ও প্রশাসনিক প্রতিবেদন পর্যালোচনা করে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয়রা আশা করছেন, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া দীর্ঘদিন ধরেই সিটি করপোরেশন ঘোষণার দাবিতে আলোচনায় ছিল। নতুন এ প্রশাসনিক কাঠামোর মাধ্যমে নগদ ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *