দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেক্স:

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য, বিচারাধীন মামলার আসামি ও ট্যাক্সিযাত্রীসহ ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে লিম্পোপু প্রদেশে ছয়জন এবং কোয়াজুলু নাটাল প্রদেশে ১০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে লিম্পোপু প্রদেশের ভেম্বে জেলার আর-৫২৪ লেভুবু সড়কে লুইস ট্রিচার্ডট শহরের কাছে পুলিশের গাড়ি ও একটি বাখির মুখোমুখি সংঘর্ষ হয়।পুলিশ জানায়, শিলওয়াভুসিকু থানার গাড়িতে করে তিনজন বিচারাধীন আসামিকে থোহোয়ানদোর একটি সংশোধনাগারে নেওয়া হচ্ছিল। পথে গাড়িটির সঙ্গে তিশিসিমানী ওয়াটার প্রতিষ্ঠানের একটি সাদা মাহিন্দ্রা বাখির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে গুরুতর আহত এক পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ায়।

নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য, দুজন বিচারাধীন আসামি ও বাখির চালক রয়েছেন। অপর এক আসামি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং পুলিশ পাহারায় রয়েছেন।

অন্যদিকে বুধবার (৭ অক্টোবর) বিকালে কোয়াজুলু নাটাল প্রদেশের হিলক্রেস্টের অদূরে কেটোরিজ এলাকার এমআর-৩৮৫ সড়কে একটি মিনিবাস ট্যাক্সি দুর্ঘটনায় ১০ জন নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুটি দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। লিম্পোপু প্রদেশের দুর্ঘটনার ঘটনায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের মামলাও করা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *