পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুলের মাঠে কলাগাছ লাগালেন দাতা সদস্য

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়ায় ছেলের বউকে চাকরি না দেওয়া এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করার অভিযোগ বিদ্যালয়ের মাঠে কলাগাছ লাগিয়ে দিয়েছেন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক দাতা সদস্য।

একই সঙ্গে শিক্ষকদের কার্যালয়ের তালার ওপর নতুন করে তালা এবং বিদ্যালয়ের প্রধান ফটকে বাঁশের বেড়া দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনে ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুলে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের সাবেক দাতা সদস্য আজাদ আলী লোকজন নিয়ে এসব করেন বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে প্রতিষ্ঠানটি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশনায় প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।

ব্যবস্থাপনা কমিটির সভায় ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুল নাম নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট রেজুলেশনে ওই সময়ের দাতা সদস্য আজাদ আলী নিজেই নামটির প্রস্তাব করেছিলেন বলে উল্লেখ রয়েছে। ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠানটি অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি পায়। বর্তমানে প্রাথমিক পর্যায়ের পাশাপাশি ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পাঠদান চলছে। তবে প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি।

শনিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান ফটকে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। মাঠের বিভিন্ন স্থানে কলাগাছ লাগানো হয়েছে। শিক্ষকদের কার্যালয়ের দরজায় থাকা তালার ওপরও আরেকটি তালা ঝুলছে।

স্থানীয় দোকানি লাল মোহাম্মদ বলেন, আগে বিদ্যালয়ে শিক্ষার্থী বেশি ছিল। মামলা-মোকাদ্দমার কারণে শিক্ষার্থী কমেছে। এরপর নিয়মিত ক্লাস হচ্ছে না। হঠাৎ করে আজাদ আলী এসে বিদ্যালয়ের প্রধান ফটক ঘিরে দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থী সমস্যায় পড়েছেন।

আজাদ আলী বলেন, তিনি প্রতিষ্ঠানটির দাতা সদস্য ছিলেন। তার জমিতে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করে সেখানে তার ছেলে ও ছেলের বউকে চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু টেকনিক্যাল কলেজ হয়নি এবং ছেলের বউকেও চাকরি দেওয়া হয়নি। এ কারণেই তিনি বিদ্যালয়ে তালা ও কলাগাছ লাগিয়েছেন।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বলেন, আজাদ আলী নিঃশর্তভাবে জমি দান করেছিলেন। পরে জমি রেজিস্ট্রির সময় তার ছেলে ও ছেলের বউকে প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার দাবি ওঠে। কমিটি তার দাবিতে তখন সম্মতি দিয়ে জমি রেজিস্ট্রি করে নেয়।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *