জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে প্রাণ গেল কৃষকের

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের গৌরীপুরে সরকারি খাস খতিয়ানের জমির দখল নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় তার ছোট ভাই দুলাল হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় চার নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত কসম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৈতৃক সূত্রে নিজেদের দাবি করা এবং মূলত সরকারি খাস খতিয়ানভুক্ত ১৬ কাঠা ফসলি জমিতে শনিবার সকালে মাসকলাই বুনতে যান মকবুল ও দুলাল। এ সময় প্রতিবেশী আমানত মিয়ার চার ছেলে বাবুল মিয়া, জাহাঙ্গীর মিয়া, আব্দুর রাশিদ ও আনারুল ইসলাম তাদের চাষাবাদে বাধা দেন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বাবুল হাতে থাকা লাঠি দিয়ে মকবুলের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

দুলাল হোসেনের অভিযোগ, পরে অন্য ভাইয়েরাও মকবুলকে বেধড়ক মারধর করেন। ভাইকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়।

পরে স্বজন ও স্থানীয়রা আহত মকবুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে নাজমা বলেন, দৌড়ে গিয়েও বাবাকে বাঁচাতে পারলাম না। ওরা আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলছে।

গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত চার নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *