নারীর গোসলের ছবি ছড়ানোর ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধায় এক নারীর গোসলের ছবি গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জাহাঙ্গীর হাসান (৩৬) নামে এক যুবককে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।অভিযোগ রয়েছে, ওই নারীর ব্যক্তিগত ছবি ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ১৫ লাখ টাকা দাবি করা হয়।বুধবার (৩০ সেপ্টেম্বর) এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেফতার জাহাঙ্গীর হাসান গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের মোখলেচুর রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী নারীর স্বামী সাইফুল আলম (৫২) গাইবান্ধা সদর থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন, জাহাঙ্গীর তার স্ত্রীর গোসলের ছবি গোপনে মোবাইলে ধারণ করেন। পরে ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। বিষয়টি জানতে পেরে ছবি মুছে ফেলার জন্য জাহাঙ্গীরকে অনুরোধ করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারের বরাত দিয়ে এসআরবি জানায়, পরবর্তীতে ওই নারীর ছবির সঙ্গে তার স্বামীর ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার হুমকি দেওয়া হয়। এভাবে ব্যক্তিগত ছবি প্রকাশের ভয় দেখিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ৩ জুলাই দুপুরে ওই নারীর মোবাইলে কল করে ১৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তার আরও অশ্লীল ছবি ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এতে ওই নারী ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী সাইফুল আলম গত ৯ জুলাই গাইবান্ধা সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলা দায়েরের পর অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি এসআরবির গোয়েন্দা সদস্যরাও অভিযুক্তের অবস্থান শনাক্তে তৎপরতা চালান।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালানো হয়। এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প এবং এসআরবি-১, সিপিএসসি, উত্তরা, ঢাকার একটি যৌথ দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জাহাঙ্গীর হাসানকে গ্রেফতার করা হয়।

এসআরবি সূত্র জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জাহাঙ্গীর হাসানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে মামলার আসামি জাহাঙ্গীর হাসানকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *