বিশ্বকাপের আগে পর্তুগিজ তারকার অনন্য রেকর্ড

স্পোর্টস ডেক্স :ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস। মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে নিজের ২১তম অ্যাসিস্ট করে তিনি ভেঙে দিয়েছেন থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার যৌথ রেকর্ড।

এর আগে এক মৌসুমে সর্বোচ্চ ২০টি অ্যাসিস্টের রেকর্ড ছিল আর্সেনালের সাবেক তারকা অঁরি ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার দখলে। তবে রোববার ব্রাইটনের বিপক্ষে ম্যাচে সতীর্থের গোলে সহায়তা করে ব্রুনো এককভাবে নতুন রেকর্ডের মালিক হন।

ম্যাচে একটি কর্নার কিক থেকে ব্রুনোর বাড়ানো বল হেড করে জালে পাঠান প্যাট্রিক ডরগু। সেই গোলের মাধ্যমেই কাঙ্ক্ষিত ২১তম অ্যাসিস্ট পূর্ণ করেন এই পর্তুগিজ তারকা।

২০২০ সালে স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া ব্রুনোর জন্য চলতি মৌসুমটি ছিল দারুণ সফল। অ্যাসিস্ট রেকর্ডের পাশাপাশি তিনি করেছেন ৮টি গোল এবং দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জিতেছেন প্রিমিয়ার লিগ প্লেয়ার অব দ্য সিজন পুরস্কারও।

রেকর্ড গড়ার পর প্রতিক্রিয়ায় ব্রুনো বলেন, প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবলার থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার পাশে নিজের নাম দেখতে পারাটা তার জন্য অত্যন্ত গর্বের।

তবে এই অর্জনের কৃতিত্ব একা নিতে চান না তিনি। ব্রুনোর ভাষ্য, সতীর্থরা তার তৈরি সুযোগগুলো কাজে লাগাতে না পারলে এই রেকর্ড সম্ভব হতো না।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *