২ রানে ৬ উইকেট, নাবিলের বিশ্ব রেকর্ড

স্পোর্টস  ডেক্স:

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক অবিশ্বাস্য বোলিং রেকর্ড গড়েছেন বতসোয়ানার মিডিয়াম পেসার নাবিল মাস্টার। মাত্র ২ রান খরচায় ৬ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন তিনি। উইজডেনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রোববার (২৪ মে) রাজধানী গ্যাবরোনের বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মালির মুখোমুখি হয়েছিল স্বাগতিক বতসোয়ানা। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নাবিলের বোলিং তোপে পড়ে মাত্র ৯.৪ ওভারে ২৪ রানেই গুটিয়ে যায় মালি ক্রিকেট দল। ম্যাচে বতসোয়ানার এই পেসার একাই বল হাতে মালিকে ধ্বংস করে দেন। তিনি ২.৪ ওভার বল করে ১টি মেডেনসহ মাত্র ২ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট। ০.৭৫ ইকোনমি রেট ছিল তার।
মজার বিষয় হলো, নাবিলের এই ছয়টি উইকেটের প্রতিটিই এসেছে ‘জোড়ায় জোড়ায়’। ম্যাচের অষ্টম ওভারের প্রথম দুই বলে টানা দুটি উইকেট নেওয়ার পর, একই ওভারের শেষ বল এবং নবম ওভারের প্রথম বলে আরও দুটি উইকেট শিকার করেন তিনি। এরপর দশম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে মালির শেষ দুই ব্যাটারকে ফিরিয়ে ৬ উইকেট পূর্ণ করেন।

এই কীর্তির মাধ্যমে নাবিল ভেঙে দিয়েছেন সিঙ্গাপুরের বোলার হার্শা ভরদ্বাজের রেকর্ড। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৩ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন হার্শা।টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম রান দিয়ে ছয় উইকেট নেয়ার তালিকায় আছেন আরও কয়েকজন তারকা বোলার। এর মধ্যে রয়েছেন দীপক চাহার (৭ রানে ৬ উইকেট; বাংলাদেশের বিপক্ষে), অজান্তা মেন্ডিস ও সিরাজুল ইদরুস।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *