নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা একযোগে হামলা চালিয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব, পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযানে নামে। মধ্যরাত পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় অব্যাহত থাকে।
রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে হামলাকারীরা। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একই সঙ্গে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
রাতে হামলার পরপরই যৌথবাহিনী সাড়াশি অভিযান চালিয়ে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করে। পুলিশ জানায়, জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে একাধিক ক্যাম্প স্থাপন করেছিল যৌথবাহিনী। রাতে একদল সন্ত্রাসী ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে যৌথবাহিনীও। এর আগেই বুলডোজার দিয়ে যৌথবাহিনীর একটা ক্যাম্প গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ইয়াসিন বাহিনী এই হামলার সাথে জড়িত। এদিকে সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুরে হয়ে আলীনগরে প্রবেশে সড়কের বেশ কয়েক স্থান কেটে দিয়েছে তারা। জঙ্গল সলিমপুরকে বলা হয় দেশের ভিতর আরেক দেশ।
জঙ্গল সলিমপুর এলাকাটি মূলত দুটি অংশে বিভক্ত—একদিকে ছিন্নমূল এলাকা, অন্যদিকে আলীনগর। দুটি অংশেই পাহাড় কেটে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ও মার্কেট। সীতাকুণ্ড ভূমি অফিসের তথ্যমতে, জঙ্গল সলিমপুরের মোট আয়তন প্রায় ৩ হাজার ১০০ একর। প্রায় চার দশক ধরে এই এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।এর আগে, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভুঁইয়া নিহত হন। ৯ মার্চ জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা নির্মূল এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করে।