নিজস্ব প্রতিবেদক:
ছাত্রদলের নেতাকর্মীদের রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির। তিনি বলেছেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করব।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ হুমকি দেন।
এর আগে ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরের সাহেববাজার থেকে শুরু হয়ে সোনাদিঘীর মোড় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি বলেন, আমরা ছাত্রদলের বন্ধুদের বলছি, আমরা ধৈর্যের সীমান্তের একেবারে শেষ পর্যায়ে আছি। যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীদের কুত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করব।
তিনি বলেন, আমার কোনো নেতাকর্মী আহত হলে ছাত্রদলের কোনো নেতার ‘পিঠের চামড়া রাখা হবে না’।
ছাত্রশিবির কোনো ভেসে আসা সংগঠন না উল্লেখ করে ইমরান নাজির বলেন, ছাত্রশিবির রাজপথে জীবন দেওয়া সংগঠন। শহীদ আলীরা প্রমাণ করেছে, রাজপথে কীভাবে জীবন দিতে হয়। আমরা জীবন দেব, কিন্তু আমার ছাত্রশিবিরের কোনো নেতাকর্মীর ওপর যদি কোনো হামলা হয়, তার দাঁতভাঙা জবাব আমি দেব, ইনশাআল্লাহ।’
সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ কে এম সারওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আবদুর রহিম, রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি সালাহউদ্দিন আহমেদ ও খায়রুল ইসলাম।
এর আগে মঙ্গলবার সকালে পদ্মা সরকারি কলেজে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রশিবিরের তিনজন ও ছাত্রদলের দুজনসহ মোট পাঁচজন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।