রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে আর কোনো বাধা নেই। চেয়ারম্যানের অবৈধ আদেশ বাতিল করেছে হাইকোর্ট। এদিকে চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও নানা প্রকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিধি-বিধান না মেনে একটার পর একটা আদেশ জারি করছেন। বিশেষ করে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তিনি নিয়ম না মেনে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়েছেন। চেয়ারম্যানের এ ধরনের আচরণে সোসাইটির শৃঙ্খলা ও চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ ও অস্থিরতা।

একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২৯৭তম ব্যবস্থাপনা পর্ষদ সভার সিদ্ধান্ত মোতাবেক বিডিআরসিএস ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন-২০২৬-এর জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয় এবং আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে রেড ক্রিসেন্ট সোসাইটির একমাত্র আইন প্রেসিডেন্ট অর্ডার (পিও-২৬) অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। গত ২৮ আগস্ট ২০২৬-এ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ, তফসিল মোতাবেক খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিক্রয়, মনোনয়নপত্র জমাসহ পিও-২৬ অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করছিলেন। হঠাৎ করে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সোসাইটির চেয়ারম্যান স্বাক্ষরিত এসজি (ওজিএম-বিজ্ঞপ্তি) ১০০৫/২০২৬ এবং এসজি/সোব্যাপনি (ইউ.এ্যাফে)-১০১১/২০২৬ চিঠিতে লেখা হয়, আগামী ১৭ সেপ্টেম্বর রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা নির্বাচন বাতিল এবং বিডিআরসিএস নির্বাচন কমিশন-২০২৬ বাতিল করা হলো।

এ বিষয়ে সোসাইটির বর্তমান ব্যবস্থাপনা পর্ষদ কিছু জানেই না। অথচ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আইন অনুযায়ী সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সকল সিদ্ধান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি নেবেন। তাঁর অনুমোদনক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন বা অফিস অর্ডার জারি করবে। সোসাইটির চেয়ারম্যান রেড ক্রিসেন্টের ৬৮টি ইউনিট কমিটির সিদ্ধান্ত নিতে পারবেন। সোসাইটির চেয়ারম্যান স্বাক্ষরিত ১০ সেপ্টেম্বরের চিঠি মোতাবেক বিডিআরসিএস ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন কমিশন-২০২৬ বাতিল এবং নির্বাচন বাতিলের কারণে সারা বাংলাদেশের ভোটারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা নির্বাচন বাতিল করার পত্র বেআইনি মনে করায় হাইকোর্টে রিট করেন। রিট নং ১৩২৫৭/২০২৬। রিট শুনানি শেষে হাইকোর্ট সোসাইটির চেয়ারম্যান স্বাক্ষরিত নির্বাচন কমিশন বাতিল এবং নির্বাচন বাতিলের চিঠি বেআইনি ঘোষণা করে অফিস অর্ডার দুটি বাতিল করে দেয়। ফলে আগামী ১৭ সেপ্টেম্বর নির্বাচন করতে আর কোনো বাধা নেই।

এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই একক ক্ষমতাবলে চেয়ারম্যান সোসাইটির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ মহাসচিব ও উপ-মহাসচিবকে পদত্যাগে বাধ্য করান এবং কোনো প্রকার বিজ্ঞপ্তি না দিয়ে পরীক্ষা ছাড়াই নতুন মহাসচিব ও উপ-মহাসচিব হিসেবে যথাক্রমে মো. হাবিবুর রহমান খান ও মো. এহসানে এলাহীকে নিয়োগ প্রদান করেন। অন্যদিকে কোনো প্রকার বিজ্ঞপ্তি না দিয়ে পরীক্ষা ছাড়াই ফারজানা জেরিন শ্রাবন্তীকে চেয়ারম্যানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পরিচালনা পর্ষদ সদস্যদের পিএস হিসেবে নিয়োগ প্রদান করেন।

এছাড়া লোক দেখানো বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ কমিটির মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের বায়োডাটা যাচাই-বাছাই না করে চেয়ারম্যানের পিএস আসিফ আলমাস এবং এইচআর কো-অর্ডিনেটর মো. নিজাম উদ্দিনের মাধ্যমে পছন্দের প্রার্থীদের শর্টলিস্ট করে তাঁদের পরিচিত অধিক বয়স্ক ৬ জন প্রার্থীকে সরাসরি পরিচালক পদে নিয়োগ দিয়েছেন। একইভাবে সহকারী পরিচালক পদে ৪ জন, অফিসার পদে ৬ জন এবং অফিস সহায়ক পদে ২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শোনা যায়, নিয়োগপ্রাপ্তদের অনেকেই রিটেন পরীক্ষায় পাশ না করে নিয়োগপত্র পেয়েছেন। চেয়ারম্যানকে ৩ লাখ টাকা দিতে পারলে ড্রাইভার পদে ১ জনকে চাকরি দেওয়া হবে মর্মে একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে।

শোনা যায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্তর্গত হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের লিফট ক্রয় নিয়েও বড় ধরনের দুর্নীতির চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর পক্ষে সোসাইটির নতুন মহাসচিব জানান, ১৯৭৩ সালের রাষ্ট্রপতির আদেশ মেনেই সংস্থা পরিচালিত হচ্ছে এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত চেয়ারম্যান সকল দায়িত্ব বিধিসম্মতভাবেই পালন করছেন। একটি বিশেষ সুবিধাবাদী গোষ্ঠী চেয়ারম্যানকে প্রশ্নবিদ্ধ ও বিব্রত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *