নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর দুমকিতে তরুণীকে উত্ত্যক্ত ও রাতে বসতঘরের পেছনে অনুপ্রবেশের অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে ভুক্তভোগী পরিবার। এ সময় তার পায়ে শিকল বেঁধে খাটের সঙ্গে আটকে রাখা হয়।
সোমবার রাত ১০টার দিকে দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের মানিক বয়াতির বাড়িতে এ ঘটনা ঘটে। পরে দুমকি থানায় একটি মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত আমিনুল ইসলাম বারেক উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ৭ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য।
ওই তরুণী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করছেন বিএনপি নেতা ও ইউপি সদস্য বারেক। ঘটনার রাতে তিনি ওই তরুণীকে ফোন করে বাড়ির পেছনের বাথরুমের কাছে আসতে বলেন। পরে ঘরের পেছনে সন্দেহজনক শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় টর্চলাইটের আলো ফেললে সেখানে বারেককে দেখতে পাওয়া যায়। পরে দৌড়ে পালানোর সময় টিনের বেড়া ও সার রাখা একটি গর্তে পড়ে যান। অভিযুক্ত বারেককে আটকের পর তাকে বসতঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে দুমকি থানার ওসি সেলিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ওই বিএনপি নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
এদিকে এ ঘটনায় দুমকি থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আয়েশা বেগম। মামলায় তিনি যৌন নিপীড়নের অভিযোগ করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
রাতে আটকের পর অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেক বলেন, তিনি মূলত বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন।
দুমকি থানার ওসি সেলিম উদ্দিন যুগান্তরকে বলেন, ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্ত ইউপি সদস্যকে আদালতে প্রেরণ করা হয়েছে।