অ্যাশেজের আগেই অবসরে যাচ্ছেন স্মিথ?

স্পোর্টস ডেক্স :

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ নিজের টেস্ট ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন। আগামী বছর ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজ খেলতে যাবেন কিনা, তা নিয়ে তিনি নিজেই নিশ্চিত নন। স্মিথ জানিয়েছেন, তিনি এখন সিরিজ ধরে ধরে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছেন। তার সামনে এখন বড় লক্ষ্য ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক।

৩৭ বছর বয়সী স্মিথ এখন খেলছেন ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল)। সেখানে তার দল আমস্টারডাম ফ্লেমস। এই ডানহাতি ব্যাটার এখন পর্যন্ত ১২৫টি টেস্ট খেলেছেন। তার সেঞ্চুরি ৩৭টি। টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিনি এখন দুই নম্বরে আছেন। তার ওপরে আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

সোমবার ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে স্মিথ বলেন, ‘আমি এখনও জানি না আমি সেখানে থাকব কিনা। অনেকদিন ধরেই আমি সিরিজ ধরে ধরে এগোচ্ছি, আর সেটা এখনও আমার কাছে বেশ দূরের ব্যাপার। তাই হ্যাঁ, ওখানে একটা জিততে পারলে ভালো লাগত বা আগেই জিতে ফেলতে পারলে ভালো হত। কিন্তু সেটা সত্যি হয় কিনা, দেখা যাক।’

অলিম্পিক নিয়ে তার ভাবনার কথাও খোলাসা করেছেন স্মিথ। তিনি বলেন, ‘এই মুহূর্তে সম্ভবত অলিম্পিকটাই (লক্ষ্য), ওটার অংশ হতে চাই। আমস্টারডামের হয়ে এখানে খেলতে চাওয়ার একটা বড় কারণ ছিল যতটা বেশি সম্ভব টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যাওয়া।’

অবসরের কোনও নির্দিষ্ট দিন এখনও ঠিক করেননি স্মিথ। তবে তিনি মেনে নিয়েছেন, সামনের দিনগুলোতে তার খেলার ঝোঁক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির দিকেই বেশি থাকবে। তিনি বলেন, ‘আমার এখনও মনে হয় আমি আরও কিছুদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারব। খেলা ছাড়ার পর আমার জন্য পরের ধাপ কী? সেটা আমি নিশ্চিত নই, তবে আশা করি খেলার জন্য আরও কিছুটা সময় বাকি আছে।’

নিজের ১৫ বছরের পথচলা নিয়ে আবেগও ঝরে পড়ল তার কথায়। স্মিথ বলেন, ‘এই খেলায় আমি অনেক কিছু অর্জন করেছি। গত ১৫ বছর বা তার কাছাকাছি সময়টা দারুণ কেটেছে। আমি অনেক মজা করেছি। এখনও উপভোগ করছি, তাই আমার কোনও শেষ দিন ঠিক করা নেই, দেখা যাক কী হয়। তবে সময়টা ভালোই কেটেছে।’

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে। ২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ডের পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকা সফর টেস্ট খেলতে যাচ্ছেন স্মিথ। ওই ঘটনার জেরে তাকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

তবে সেই অতীত নিয়ে আর ভাবছেন না স্মিথ। তিনি বলেন, ‘ওহ, আমার কাছে এটা আর পাঁচটা সিরিজের মতোই। যা হয়েছে অনেক আগে হয়েছে, আর আমরা এরপর অনেক ক্রিকেট খেলেছি — একদিনের ম্যাচ খেলতে আমরা দক্ষিণ আফ্রিকায় গিয়েওছি। ওরা এখন ভালো দল — বোঝাই যাচ্ছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওরা আমাদের হারিয়েছে। ওদের পেস আক্রমণও দারুণ। তাই সিরিজটা জমজমাট হওয়ার কথা।’

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *