নিজস্ব প্রতিবেদক:
পাট কিনে ফেরার সময় ভুলে নৌপথে ভারতের সীমান্তে চলে যাওয়া রাজশাহীর বাঘার পাঁচ ব্যক্তিকে ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ইতোমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে স্বজনেরা জানতে পেরেছেন। গত রোববার রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে দেখা করে তাদের ফেরত আনার বিষয়ে কথা বলেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
গত ৭ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবাজার-সংলগ্ন পদ্মা নদী এলাকা থেকে পাটবোঝাই নৌকাসহ তাদের আটক করে বিএসএফ। তারা হলেন–উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজশিক্ষার্থী মোশাররফ হোসেন, সাহাবুল আলী, বাবর আলী (৪০), সাইফুল ইসলাম ও আশাদুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে মোশাররফ, সাহাবুল ও বাবর আলী পাট ব্যবসায়ী। অন্য দুজন নৌকার মাঝি।
স্বজন ও এলাকাবাসী জানায়, গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পাট কিনে নৌকায় করে ফিরছিলেন তারা। তীব্র স্রোতের বিপরীতে নৌকা চালাতে গিয়ে মাঝিরা দিক ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতের প্রায় দুই-আড়াই কিলোমিটার ভেতরে চলে যান। এ সময় বিএসএফের টহল দল তাদের আটক করে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে স্বজনেরা বিজিবির আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করেন। তখন বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আটক ব্যক্তিদের ফেরত দেওয়া সম্ভব নয়।
আসাদুলের ভাই সাহারুল ইসলাম সোমবার সমকালকে বলেন, খোঁজ নিয়ে তারা জানতে পেরেছেন আটক পাঁচজনকেই ভারতের রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে আগে সুনির্দিষ্ট কোনো তথ্য না পেয়ে তারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন।
এলাকাবাসীর দেওয়া তথ্যমতে, যে পাঁচজনকে বিএসএফ আটক করে নিয়ে যায়, তাদের তিনজন এলাকায় ব্যবসায়ী হিসেবে পরিচিত, দুজন সাধারণ শ্রমজীবী। তাদের বিরুদ্ধে চোরাচালানে জড়িত থাকার কোনো অভিযোগও নেই। ভুল করে তারা ভারতে প্রবেশ করেন।
পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু বলেন, ‘আটক ব্যক্তিরা অত্যন্ত দরিদ্র ও নিরপরাধ। দ্রুত তাদের ফেরত আনার দাবি জানাচ্ছি।’
আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমানের ভাষ্য, এ বিষয়ে তাদের বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তারা (বিএসএফ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বিষয়টিকে কূটনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ায় নেওয়ার নির্দেশ পেয়েছে। এ কারণে তাৎক্ষণিক তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, পাট কিনে নদীপথে ফেরার সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়ায় বাংলাদেশি পাঁচজনকে আটক করে বিএসএফ। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানোর পর খোঁজখবর নিয়ে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন। রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলেছেন। তিনি ওই ব্যক্তিদের ফিরিয়ে আনার ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়েছেন।