সুইডেনে সরকার গঠনের পথে এগিয়ে মধ্য-বামপন্থি জোট

নিজস্ব প্রতিবেদক :

সুইডেনের নির্বাচনে অধিকাংশ ভোট গণনা শেষে এগিয়ে আছে মধ্য-বামপন্থি জোট। প্রাথমিক ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন ডানপন্থি দলগুলোর সঙ্গে তাদের ব্যবধান মাত্র তিনটি আসনের।

দেশটি গত চার বছর ধরে ডানপন্থার দিকে ঝুঁকছিল। এক সময় ইউরোপের অন্যতম অভিবাসীবান্ধব দেশ হলেও তারা এতদিন কঠোর আশ্রয়নীতি অনুসরণ করেছে। চূড়ান্ত ফলাফলে বিরোধী জোট জয়ী হলে এই প্রবণতায় ছেদ পড়তে পারে।

নির্বাচনে বামঘেঁষা দলগুলোকে নেতৃত্ব দিচ্ছেন সোশ্যাল ডেমোক্র্যাটস দলের নেতা ম্যাগদালেনা অ্যান্ডারসন। তারা পার্লামেন্টের ৩৪৯টি আসনের মধ্যে ১৭৬টি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনের নেতৃত্বাধীন ডানপন্থি জোট ১৭৩টি আসন পেতে পারে বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রোববার রাতে প্রাথমিক ফলাফল ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে অ্যান্ডারসন বলেন, ‘এই ফলাফল যদি বহাল থাকে, তাহলে সুইডেন একটি নতুন সরকার পাবে।’

২০২২ সালের নির্বাচনে বুথফেরত জরিপে শুরুতে মধ্য-বামপন্থি জোট সামান্য ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু চূড়ান্ত ফলাফলে তারা হেরে যায়। তাই এবারের নির্বাচনে নিজেদের জয়ী দাবি করার ক্ষেত্রে সতর্ক অবস্থানে আছেন নেতারা।

মধ্য-বামপন্থিরা যদি জিতেও যায় তাহলে সরকার গঠনে কিছুটা সময় লাগতে পারে। এ প্রক্রিয়ায় সোশ্যাল ডেমোক্র্যাটদের সঙ্গে আর কোন কোন দল থাকবে তা এখনো স্পষ্ট নয়। সুইডিশ টেলিভিশনকে স্পিকার আন্দ্রেয়াস নরলেন বলেছেন, সরকার গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল হতে পারে।

নির্বাচনের ফলাফল দেশটির পশ্চিম ও ইউক্রেনপন্থি অবস্থানে বড় কোনো পরিবর্তন আনবে বলেও মনে হচ্ছে না। অভিবাসন ও আর্থিক নীতিতে প্রভাব কেমন হবে, সেটিও এখনো স্পষ্ট নয়।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *