ক্রেতা সেজে চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসা থেকে মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরে বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু শাকিলের (৩৩) বাসা থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। ক্রেতা সেজে ছাত্রদল নেতার বাসায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা পালিয়ে যায়। শাকিল পালিয়ে গেলে অবৈধভাবে মদ রাখা ও বিক্রির অভিযোগে পুষ্পেন ব্যানার্জি (৫৮) ও শামসুল ইসলাম(৪৭) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও ছাত্রদল নেতারা জানান, নগরের বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু শাকিলের গত বুধবার সন্ধ্যার দিকে বন্দর থানার কে বি দোভাষ লেন এলাকায় তার বাসায় অভিযান চালানো হয়। এ সময় শাকিলের শোবার ঘরে তল্লাশি চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম গোসাইলডাঙ্গা এলাকায় মদ কেনাবেচার তথ্য পায় পুলিশের গোয়েন্দারা। পরে পুলিশ সদস্যরা ক্রেতা সেজে ওই বাড়িতে গেলে তাদের আবু শাকিলের বাসায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ছাত্রদল।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে ছাত্রদল। চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *