কুমিল্লায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ১৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় হাম সন্দেহে ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান মিয়া মনজুর আহমেদ।

নিহত শিশুটির নাম আনাবিয়া (১৪ মাস)। সে চৌদ্দগ্রাম উপজেলার ধনুসারা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

মিয়া মনজুর আহমেদ জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে আনাবিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

তিনি বলেন, নিহত শিশুটির শরীরে হামের বিভিন্ন লক্ষণ ছিল। তবে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে হাম আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় হাম সন্দেহে আরও ২২ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে কুমিল্লা জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৮৯৬ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *