আন্তর্জাতিক ডেক্স :
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ এখন স্থলভাগ ছেড়ে সমুদ্রে ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালি এবং এর আশপাশের এলাকায় দুপক্ষই একে অপরের তেলবাহী ট্যাঙ্কার ও বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গত মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনী ইরানের পাঁচটি তেল ট্যাঙ্কারে হামলা চালায়। এর জবাবে জর্ডানে একটি মার্কিন বিমানঘাঁটি এবং হরমুজ প্রণালিতে আটটি তেলবাহী ট্যাঙ্কারসহ ১০টি জাহাজে হামলা করে তেহরান। এর মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্র আরও তিনটি ইরানি ট্যাঙ্কারে হামলা করার কথা জানিয়েছিল।
আলজাজিরার একটি এক্সপ্লেইনারে বলা হয়েছে, পাল্টাপাল্টি এসব হামলায় পারস্য উপসাগরের বাস্তুতন্ত্র এখন চরম পরিবেশগত হুমকির মুখে পড়েছে। মেরিন ট্রাফিকের তথ্যানুযায়ী, হরমুজ প্রণালিতে আটকে থাকা ৪২টি বিশালাকায় ট্যাঙ্কারের মধ্যে অন্তত ১৮টিতে সরাসরি জ্বালানি তেল রয়েছে। জাহাজগুলোয় মোট প্রায় ১৭ লাখ ৬০ হাজার ঘনমিটার বা প্রায় এক কোটি ১১ লাখ ব্যারেল তেল রয়েছে। এই পরিমাণ তেল পুরো বিশ্বের এক দিনের মোট চাহিদার প্রায় ১১ শতাংশের সমান। কোনো একটি বড় ট্যাঙ্কার ডুবে গেলে বা বিস্ফোরিত হলে, কোটি কোটি লিটার তেল পারস্য উপসাগরে ছড়িয়ে পড়বে। এতে উপকূলীয় এলাকা, মাছের প্রজনন কেন্দ্র এবং স্পর্শকাতর সামুদ্রিক বাস্তুতন্ত্র বিষাক্ত হয়ে উঠবে।