কুমিল্লায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার, পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে যাত্রীবাহী বাসসহ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাসচালক ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে পৃথক অভিযানে নগরী ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি।

গ্রেফতার ছিনতাইকারীরা হলেন- সাকির হোসেন, কামাল হোসেন, আরিফ হোসেন, মাহমুদ পিয়াল ও মিনার হোসেন।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার পাঁচজন কুমিল্লা নগরী ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। মূলত মাদক সেবন ও মাদক কেনার টাকা জোগাড় করতে তারা ছিনতাই করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

অন্যদিকে রোববার ভোরে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় বাসচালক দিদারুল আলম চৌধুরী ও তার সহযোগী আমির হোসেনকে গ্রেফতার করা হয়। অভিযান শেষে ইয়াবা বহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *