বিনোদন ডেক্স :
বলিউডে কোনো জনপ্রিয় তারকার ভাবমূর্তি নষ্ট করতে এখন আর শুধু সংবাদমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশ করাই যথেষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়ানো, কুৎসা রটানো, পোস্টে কমেন্ট করা কিংবা কোনো নির্দিষ্ট হ্যাশট্যাগ ট্রেন্ড করানোর জন্য অর্থের বিনিময়ে নিয়োগ করা হচ্ছে ট্রল বাহিনী। আর এই পুরো কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারকাদের পাবলিক রিলেশনস (পিআর) ও অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট (ওআরএম) সংস্থাগুলো।
ধরা যাক, কোনো তরুণ তারকা ছুটির দিনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলেন। একই সময়ে এক তরুণী শিক্ষার্থীও একই রকম পটভূমির ছবি প্রকাশ করলেন। রেডিটে কেউ দুজনের ছবি পাশাপাশি দিয়ে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু করল। বিষয়টি চোখে পড়ল প্রতিদ্বন্দ্বী এক তারকার পিআর সংস্থার। দ্রুত যোগাযোগ করা হলো ওআরএম এজেন্সির সঙ্গে।
এরপর শুরু হলো পরিকল্পিত প্রচারণা। একটি ট্রল অ্যাকাউন্ট থেকে প্রশ্ন ছোড়া হলো—কার্তিক আরিয়ান কি অপ্রাপ্তবয়স্ক এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? ওই তরুণীর প্রোফাইলে বয়স ১৭ লেখা থাকায় সন্দেহ আরও উসকে দেওয়া হলো। পালটা আরেকটি ট্রল অ্যাকাউন্ট দাবি করল, মেয়েটির বয়স আসলে ১৮। পরে মেয়েটি নিজের ইনস্টাগ্রাম বায়োতে স্পষ্ট করে জানালেন, তিনি কার্তিককে চেনেনই না। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়ে গেছে একটি বিতর্কিত বয়ান।