অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন টাঙ্গাইল, রানার্সআপ রাঙামাটি

স্পোর্টস ডেক্স :

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার শিরোপা জিতেছে টাঙ্গাইল। ফাইনালে রাঙামাটিকে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। রানার্সআপ হয়েছে রাঙামাটি।

রোববার রাজধানীর ধানমন্ডিতে শহীদ রিয়া গোপ ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দাপট দেখায় টাঙ্গাইল। প্রথমার্ধেই পাঁচ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তারা। দ্বিতীয়ার্ধে রাঙামাটি একটি গোল করলেও ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেনি।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৪ সেপ্টেম্বর শুরু হওয়া তিন দিনের এই প্রতিযোগিতায় দেশের আট বিভাগ থেকে ১৬টি জেলা দল অংশ নেয়। এতে প্রায় ৩০০ কিশোরী ফুটবলার অংশগ্রহণ করে।

ঢাকা বিভাগ থেকে টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ; চট্টগ্রাম বিভাগ থেকে রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম; ময়মনসিংহ বিভাগ থেকে ময়মনসিংহ ও নেত্রকোনা; খুলনা বিভাগ থেকে সাতক্ষীরা ও খুলনা; রাজশাহী বিভাগ থেকে জয়পুরহাট ও রাজশাহী; সিলেট বিভাগ থেকে মৌলভীবাজার ও সিলেট; বরিশাল বিভাগ থেকে পিরোজপুর এবং রংপুর বিভাগ থেকে রংপুর জেলা প্রতিযোগিতায় অংশ নেয়।

ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। এ সময় বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে সুযোগ করে দিতে হবে। নারী ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। তার মতে, সাম্প্রতিক সাফল্যের বিচারে অনেক ক্ষেত্রেই মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করছে।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা বলেন, প্রাইম মিনিস্টার্স কাপ ও নতুন কুঁড়ির ধারাবাহিকতায় এই অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের পাশাপাশি মেয়েদের খেলায় পাঠানোর জন্য অভিভাবকদেরও ধন্যবাদ জানান তিনি।

টাঙ্গাইলের সন্তান হিসেবে চ্যাম্পিয়ন দলের জন্য ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা উপহার দেন সারওয়াত সিরাজ শুক্লা।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *