নিজ বাড়ি থেকে গায়কের লাশ উদ্ধার

বিনোদন ডেক্স :

সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার বলজিৎ সিংয়ের লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় ৩৫ বছর বয়সি এ গায়কের লাশ উদ্ধার করে পুলিশ। এ সংগীতশিল্পীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য। বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ার পর প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

গণমাধ্যম সূত্রে  জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পাঞ্জাবের লুধিয়ানার সুদহারপট্টি ধালিওয়াল গ্রামে নিজ বাড়িতে মৃতাবস্থায় পাওয়া যায় গায়ক বলজিৎ সিংকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বিছানার ওপর তার লাশ পড়ে থাকতে দেখে। এ সময় মরদেহে পচন ধরা দেখা যায়। উদ্ধারের প্রায় চার থেকে পাঁচ দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

স্থানীয়রা বলছেন, কয়েক দিন ধরে গায়ক বলজিৎ সিংয়ের বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পাচ্ছিলেন তারা। পরে দুর্গন্ধ আরও বেড়ে গেলে তারা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করে।

এ সময় মরদেহের কাছাকাছি শুকনো রক্তের দাগও পাওয়া গেছে। তবে ওই রক্তের উৎস এবং মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে পুলিশ গায়ক বলজিৎ সিংয়ের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করে দিয়েছে।

এ ছাড়া তার বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তির চলাচল ছিল কিনা, বাড়িতে কেউ এসেছিল কিনা, তা শনাক্তের চেষ্টা করছেন তদন্তকারীরা।

অন্যদিকে বলজিৎ সিংয়ের বোন জানিয়েছেন, এর আগে তার ভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছিল। তার ধারণা— সম্ভবত আবারও হার্ট অ্যাটাক হয়ে তিনি পড়ে গিয়ে আঘাত পেতে পারেন এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ ধারণা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গায়কের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *