৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর সাউথইস্ট ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিভিন্ন অর্থায়ন প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার সমন্বিত তারল্য সহায়তা কাঠামোর অংশ হিসেবে এ অর্থায়ন সুবিধা দেওয়া হচ্ছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

২৭ আগস্টে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন এবং রিসার্চ অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগের পরিচালক মো. আবদুল মান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. রাশেদুল আলম খান।

এ অর্থায়ন প্যাকেজে অংশগ্রহণের মাধ্যমে দেশের অগ্রাধিকারপ্রাপ্ত উৎপাদনশীল খাতে উদ্বৃত্ত তারল্য বিনিয়োগের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে।

সাউথইস্ট ব্যাংকের মতে, এ উদ্যোগ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তার পাশাপাশি কর্মসংস্থান ধরে রাখা এবং দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পুনরুদ্ধার ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *