নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতচক্র ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের বারো লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার বসুরহাট-হাজারী হাট সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চরহাজারী ইউনিয়নের আবু মাঝির হাটের ইসলামি ব্যাংকিং এজেন্ট শাখার ম্যানেজার ও চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহমান ইসলামি ব্যাংক বসুরহাট শাখা থেকে বারো লাখ টাকা তোলেন। টাকা নিয়ে নিজের মোটরসাইকেলে এজেন্ট ব্যাংকিং অফিসে ফিরছিলেন।
এ সময় আবদুর রহমান জৈতুন নাহার কাদের মহিলা কলেজ এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে ইয়াবা আছে বলে আবদুর রহমানকে গাড়ীতে তুলে নেয়। এরপর চোখ বেঁধে টাকা নিয়ে আবদুর রহমানকে সেনবাগের নবীপুর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ঘটনায় অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।