এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ডেক্স:

ভারতের কর্ণাটক রাজ্যে পার্টিতে এক টুকরো মুরগির মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুর সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে সীতারাম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রাজ্যের বেলাগাভি জেলার মুদালগি তালুকের হুনাশিয়াল পিজি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সীতারাম ভারতের উত্তর প্রদেশের পিলিভীত জেলার কবিরগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি মুদালগির প্রিয়া স্টিল কোম্পানিতে কাজ করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন তার বন্ধু ও এ মামলার অভিযুক্ত অরুণ কুমার। তার বাড়িও উত্তর প্রদেশের কবিরগঞ্জে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সীতারাম ও অরুণ কুমার বন্ধু ছিলেন। সম্প্রতি তারা একসঙ্গে একটি পার্টির আয়োজন করেন। সেখানে কে কত টুকরো মুরগির মাংস খেয়েছেন, তা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা উত্তপ্ত হয়ে উঠলে অরুণ কুমার ছুরি বের করে সীতারামের বুকে আঘাত করেন। গুরুতর আহত সীতারামকে পরে অরুণই গোকাক সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সীতারামের মৃত্যু হয়।

তবে হাসপাতালে নেওয়ার পর অরুণ দাবি করেন, সীতারাম একটি ভবন থেকে পড়ে আহত হয়েছেন। তার এ বক্তব্যে চিকিৎসক ও পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ অরুণকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে অরুণ সীতারামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় অরুণ কুমারের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ঘটনার কারণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *