নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটিতে প্রবল বর্ষণে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়ার চার দিন পর বাসনা চাকমা (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন বছরের শিশুসন্তানের লাশ উদ্ধার করা হয়।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডানে ত্রিপুরাছড়া গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি ঝরনা এলাকার প্রায় ২০০ ফুট গভীর খাদ থেকে বাসনার লাশ উদ্ধার করা হয়।
বাসনা চাকমা ওই এলাকার অলঙ্গ বিকাশ চাকমার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট বিকালে জুমে কাজ শেষে বাড়ি ফেরার পথে আকস্মিক পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তিন বছরের শিশুসন্তানসহ ভেসে যান বাসনা চাকমা। পরে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজের একদিন পর ২৩ আগস্ট তার শিশুসন্তানের লাশ উদ্ধার করা হয়।
বন্দুকভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা জানান, নিখোঁজের চার দিন পর বুধবার স্থানীয়রা দুর্গম পাহাড়ি ঝরনা এলাকায় বাসনার লাশ দেখতে পান। পরে বিষয়টি রাঙামাটি ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদ থেকে লাশটি উদ্ধার করে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাহাড়ি ঝিরির প্রায় ২০০ ফুট গভীর খাদ থেকে বাসনা চাকমার লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি বলেন, বন্দুকভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে এবং কোনো আপত্তি বা অভিযোগ না থাকায় স্বজনদের কাছে বাসনা চাকমার লাশ হস্তান্তর করা হয়েছে।