ব্যস্ত শহরে দুই আগন্তুকের গল্পে ‘আরও কিছুক্ষণ

বিনোদন ডেক্স :

ব্যস্ত ও যান্ত্রিক এক শহরে দুই আগন্তুকের কিছু মুহূর্তের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আরও কিছুক্ষণ’। এই শহরের ভেতরেও কিছু সম্পর্কের কারণে তৈরি হতে পারে বিশেষ কিছু মুহূর্ত—সেই অনুভূতিকে গল্পের কেন্দ্রে রেখেছেন নির্মাতা রুবায়েত মাহমুদ।

দীর্ঘদিন পর নিজের মতো করে গল্প নিয়ে নির্মাণে ফিরলেন রুবায়েত মাহমুদ। ২০১৮ সালে তার সর্বশেষ নাট্য নির্মাণ ছিল ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর ‘তবুও ভালোবাসি’। এরপর ২০২৩ সালে ‘কাবাডি’ নামে একটি সিরিজ নির্মাণ করেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়মিত বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন এই নির্মাতা।

আরও কিছুক্ষণ’ প্রসঙ্গে রুবায়েত মাহমুদ বলেন, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করলেও সেখানে নিজের মতো করে গল্প বলার সুযোগ খুব কম। একটা সময় মনে হল- এবার নিজের মতো করে একটি গল্প বানাই। সেই ভাবনা থেকেই ‘আরও কিছুক্ষণ’। গল্পটি আসলে একটি ব্যস্ত ও যান্ত্রিক শহরের দুই আগন্তুকের কিছু মুহূর্তের গল্প। এই পাথরের শহরেও কিছু সম্পর্কের কারণে যে বিশেষ কিছু মুহূর্ত তৈরি হতে পারে, সেই মুহূর্তগুলোই বলতে চেয়েছি।’

চিত্রনাট্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন নির্মাতা। তার ভাষায়, ‘আরও কিছুক্ষণ’ শুধু একটি গল্প নয়, এটি একটি ‘স্ট্রাকচার্ড স্ক্রিনপ্লে’র পরীক্ষাও। তিনি মনে করেন, দেশে বড় বাজেটের অনেক প্রযোজনাও দুর্বল চিত্রনাট্যের কারণে প্রত্যাশা অনুযায়ী দর্শকের কাছে পৌঁছাতে পারে না।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। তাঁর অভিনয়ের প্রশংসা করে নির্মাতা বলেন, চরিত্রটি শুধু সংলাপ কিংবা দৃশ্যের মাধ্যমে তৈরি করার ছিল না; এর মধ্যে ছিল অনেক সূক্ষ্ম অনুভূতি। সাদিয়া সেই অনুভূতিগুলো খুব স্বাভাবিক ও বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরেছেন বলে জানান তিনি।

অন্যদিকে চলচ্চিত্রটির প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেছেন শফিন আহমেদ। দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে যুক্ত শফিন নিজেও একজন নির্মাতা। অভিনয়ের ক্ষেত্রে এটি তাঁর জন্য ভিন্ন অভিজ্ঞতা হলেও চরিত্রটির জন্য তাঁর ব্যক্তিত্ব ও উপস্থিতিকে উপযুক্ত মনে হয়েছে নির্মাতার।

‘আরও কিছুক্ষণ’-এর চিত্রগ্রহণ করেছেন রিপন চৌধুরী। সম্পাদনায় রয়েছেন মাজহার রনি, কালার গ্রেডিং করেছেন চিন্ময় রায়। ব্যাকগ্রাউন্ড স্কোর ও গান কম্পোজ করেছেন জাহিদ নিরব। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির এক্সিকিউটিভ প্রযোজক মো. শামীম মাহমুদ শাতু।

প্রায় ২৯ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দর্শকদের জন্য মুক্তি পাবে জি সিরিজে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *