স্পোর্টস ডেক্স :
বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের সম্ভাব্য সফর নিয়ে আলোচনা চলছে। তবে এখনো সেটি প্রাথমিক পর্যায়েই রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে সারা দেশে বক্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ব্রাজিল বাংলাদেশে এসে জাতীয় দলের বিপক্ষে খেললে সেটিকে দেশের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন আমিনুল হক। তবে সম্ভাব্য ম্যাচ আয়োজনের বিষয়ে এখনো বিস্তারিত কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
ব্রাজিল দলের সফর হলে এর সম্ভাব্য ব্যয় ও সরকারের ভূমিকা নিয়েও কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সেখানে আয়োজনের সম্ভাব্য ব্যয়ের বিষয়টিও উঠে এসেছে।
বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একটি ফুটবল ম্যাচ আয়োজনের জন্য সরকার বড় অঙ্কের অর্থ ব্যয় করতে পারবে না বলে স্পষ্ট করেছেন আমিনুল হক। তার ভাষায়, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারকে এখন বড় ধরনের ব্যয় বহন করতে হচ্ছে। তাই শুধু একটি ম্যাচকে কেন্দ্র করে বিপুল অর্থ খরচ করার পরিস্থিতি নেই।
তবে বেসরকারি অর্থায়নে আয়োজন করা গেলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। আমিনুল হক বলেন, বাফুফে যদি স্পনসরদের মাধ্যমে আয়োজনের প্রয়োজনীয় ব্যয় মেটাতে পারে, তাহলে সরকার অন্যান্য আনুষঙ্গিক সহযোগিতা করবে।
সব মিলিয়ে ব্রাজিলের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে আগ্রহ তৈরি হলেও এখনো বেশ কিছু বিষয় চূড়ান্ত হওয়ার বাকি। বিশেষ করে আয়োজনের ব্যয় ও অর্থায়নের কাঠামো নির্ধারণের পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।