মেঘনায় প্রবাসীর বাড়িতে হামলা ও দখলের চেষ্টা: নিরাপত্তাহীনতায় পরিবার, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেদকঃ

‎কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে এক প্রবাসী পরিবারের ওপর হামলা এবং তাদের বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। গ্রামের মাতব্বর ও স্থানীয় সালিসের সিদ্ধান্ত অমান্য করে প্রকাশ্যে জমি দখলের এ চেষ্টার ঘটনাটি ওই এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে রাখা জমিটি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ তৈরি হলে গ্রামের মাতব্বররা উদ্যোগ নেন। পরবর্তীতে দলিলপত্র যাচাই এবং আমিনের মাধ্যমে পরিমাপ সম্পন্ন করে জমি সঠিক মালিকের হাতে বুঝিয়ে দেওয়া হয়। তবে অভিযুক্ত পক্ষ সেই বিচারিক সিদ্ধান্ত ও পরিমাপ অমান্য করে পেশিশক্তি প্রদর্শনের পথ বেছে নেয়।

‎অভিযোগ উঠেছে, প্রতিপক্ষ হক সাহেবের নেতৃত্বে সুমন (পিতা: মৃত আফাজ উদ্দিন), শাহজালাল (পিতা: মৃত আফাজ উদ্দিন) এবং আলমগীর হোসেন (পিতা: মৃত রমিজ উদ্দিন)-সহ সংঘবদ্ধ একটি দল প্রবাসে থাকা হারুনের বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা চালায়। এ ঘটনায় পরিবারের কয়েকজন নারী সদস্য গুরুতর আহত হন।
‎পূর্বে বিষয়টি মেঘনা থানায় জানানো হলে পুলিশের পক্ষ থেকে মাতব্বরদের মাধ্যমে স্থানীয়ভাবে অমীমাংসিত বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়। তবে কোনো চূড়ান্ত সুরাহা হওয়ার আগেই বসতবাড়িতে সরাসরি এই হামলা চালানো হয়। এ হামলায় প্রবাসী পরিবারটির নিরাপত্তা এখন মারাত্মক হুমকির মুখে পড়েছে।

‎প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ তাদের অনুপস্থিতিতে স্বদেশে স্বজন ও সহায়-সম্পত্তির ওপর এ ধরনের হামলা ও দখল চেষ্টা আইন ও মানবতার চরম লঙ্ঘন। ভুক্তভোগী পরিবার অবিলম্বে: ঘটনার সাথে জড়িত হক সাহেব ও তার সহযোগী সুমন, শাহজালাল এবং আলমগীরসহ বাকিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ ও প্রবাসীর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, এবং জমি ও বাড়ির বিরোধ দ্রুত আইনি কাঠামোর মাধ্যমে সমাধানের জন্য মেঘনা উপজেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *