নিজস্ব প্রতিবেদক :
গণতন্ত্রকে কেবল নির্বাচন ও রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলে না। রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
এটা না করতে পারলে রাষ্ট্র গণবিরোধী চরিত্র ধারণ করে এক সময় ফ্যাসিবাদীর শক্তির কেন্দ্রে পরিণত হয়।
গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘শতবর্ষ পেরিয়ে আমাদের ফিদেল’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্নার সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর মঈনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন– সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, লাকী আক্তার, যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সাংগঠনিক সম্পাদক মণীষা ওয়াহিদ প্রমুখ।
বক্তারা বলেন, ফিদেল কাস্ত্রো শুধু কিউবা বিপ্লবের নেতা নন। তিনি জাতীয় মুক্তি, জনগণের গণতান্ত্রিক অধিকার, সামাজিক ন্যায়, সার্বভৌমত্ব ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের এক অনন্য প্রতীক। তাঁর জীবন ও রাজনৈতিক সংগ্রাম থেকে বাংলাদেশের কমিউনিস্ট, বামপন্থি ও প্রগতিশীল শক্তিকে শিক্ষা নিতে হবে।
সভা শেষে ফিদেল কাস্ত্রোর বিপ্লবী জীবন ও কিউবার সংগ্রামভিত্তিক একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।