নির্ধারিত দিনেই হচ্ছে বিয়ানীবাজারের সোনাই নদীতে নৌকাবাইচ

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সোনাই নদীতে আগামী ২৮ আগস্ট নির্ধারিত সময়েই নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। নৌকা বাইচ আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে তৈরি হওয়া বিরোধের অবসান হয়েছে। শনিবার দিবাগত রাতে স্থানীয় বারইগ্রাম বাজারে দুই পক্ষকে নিয়ে বৈঠকের পর নৌকা বাইচ আয়োজনের বিষয়ে সবাই একমত হন।

তবে নৌকা বাইচের নির্ধারিত স্থান নদীভাঙনপ্রবণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানটি কিছুটা সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রতিবাদকারীরা। বিষয়টি সরেজমিনে পর্যালোচনা করতে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার বিকেলে কমিটির সদস্যরা নির্ধারিত স্থান পরিদর্শন করবেন।

লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন  বলেন, ‘নৌকা বাইচের সঙ্গে তৌহিদী জনতার বিষয়টি কেউ জড়িয়ে দিয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। আমরা দুই পক্ষকে নিয়ে বসে সুন্দর আলোচনার মাধ্যমে নৌকা বাইচ আয়োজনের জন্য একমত হয়েছি।’

তিনি বলেন, নদীভাঙনকবলিত এলাকা এবং ঝুঁকিপূর্ণ বাড়িঘর রয়েছে-এমন স্থান থেকে নৌকা বাইচ কিছুটা সরিয়ে নেওয়ার অনুরোধ এসেছে প্রতিবাদকারীদের পক্ষ থেকে। আজ বিকেলে নির্ধারিত স্থান পরিদর্শন করে দেখা হবে, জায়গাটি কিছুটা সরানো সম্ভব কি না। সুযোগ থাকলে নৌকা বাইচের স্থান কিছুটা সরিয়ে নেওয়া হবে।

চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, তিনি ছাড়াও লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান, বিএনপি নেতা ও ইউপি সদস্য জালাল উদ্দিনসহ কমিটির ১২ সদস্য স্থানটি পরিদর্শন করবেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দুই পক্ষকে নিয়ে সভা হয়েছে। সভায় উভয় পক্ষ নৌকা বাইচ আয়োজনের বিষয়ে একমত হয়েছে। একই সঙ্গে নদীর তীরবর্তী বসতি, জমিজমা ও ভাঙনকবলিত এলাকার যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এ বিষয়টি দেখভালের জন্য ১২ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এরপর এ নিয়ে আর কোনো জটিলতা হবে না।

ইউএনও আরও বলেন, নৌকা বাইচের আয়োজকদের সতর্কতার সঙ্গে আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *