এইচ এম হাকিম :
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশিষ্ট সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু পুনরায় সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এই বিজয়ের মধ্য দিয়ে বাগেরহাটের আইন অঙ্গনে তাঁর দৃঢ় নেতৃত্ব, জনপ্রিয়তা এবং পেশাগত দক্ষতার অনন্য স্বীকৃতি প্রতিফলিত হলো। তাঁর এই বিজয়ে বাগেরহাটের আইনজীবীসমাজ, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলোতে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা দিয়েছে।
আইন পেশার পাশাপাশি শেখ ওয়াহিদুজ্জামান দিপু দীর্ঘদিন ধরে রাজপথের সক্রিয় রাজনীতি এবং জনকল্যাণমূলক কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি বাগেরহাট তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অ্যাডভোকেট দিপুর আপসহীন সংগ্রাম তাঁকে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ ও আইনজীবী সমাজের মাঝে এক গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত করেছে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের আইনগত সহায়তা প্রদান এবং সাধারণ মানুষের মৌলিক মানবাধিকার রক্ষায় তাঁর অবদান সর্বজনবিদিত।
রাজনৈতিক পরিচয়ের বাইরেও বাগেরহাটের সামাজিক ও সাংস্কৃতিক অবকাঠামো উন্নয়নে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর বিশেষ অবদান রয়েছে। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, ক্রিয়া সংগঠন এবং সেবামূলক ট্রাস্টের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকে সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা কেন্দ্র পরিচালনা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তরুণ আইনজীবীদের দিকনির্দেশনা প্রদানে তিনি নিয়মিত কাজ করছেন। স্থানীয় বিভিন্ন সামাজিক দূর্যোগ ও সংকটকালীন মুহূর্তে মানবিক সহায়তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি বাগেরহাটের সুশীল সমাজের কাছে প্রশংসিত হয়েছেন।
বার সমিতির নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু উপস্থিত সকল আইনজীবীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, আইনজীবী সমিতির মর্যাদা রক্ষা, সাধারণ বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং তরুণ আইনজীবীদের পেশাগত সুযোগ-সুবিধা বাড়াতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। একই সাথে আইনজীবী সমিতির ঐতিহ্য ধরে রাখা এবং সকল সদস্যের পারস্পরিক মেলবন্ধন ও সহযোগিতা সুদৃঢ় করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। শেখ ওয়াহিদুজ্জামান দিপুর এই ধারাবাহিক বিজয়ে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ বাগেরহাটের সর্বস্তরের পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।