ছদ্মবেশে যাত্রীদের ভোগান্তি দেখতে গিয়ে মন্ত্রী নিজেই বিপাকে

আন্তর্জাতিক ডেক্স :

ভারতের কর্ণাটকের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ ছদ্মবেশে আকস্মিক পরিদর্শনে গিয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তির বাস্তব চিত্র নিজেই অনুভব করেছেন। খুচরা টাকা না থাকায় তাকে বাস থেকে নেমে যেতে বলেন এক বাস কন্ডাক্টর।

শনিবার (১১ জুলাই) রাতে নগরীর বাসসেবার মান যাচাই করতে মুখে মাস্ক পরে সাধারণ যাত্রীর বেশে বেঙ্গালুরু মহানগর পরিবহন সংস্থার (বিএমটিসি) একটি বাসে ওঠেন মন্ত্রী। হেব্বাল থেকে নাগাশেট্টিহাল্লি যাওয়ার জন্য তিনি দুটি টিকিট চান।

ভাড়া দেওয়ার জন্য তিনি কন্ডাক্টরের হাতে ১০০ রুপির একটি নোট দেন। তখন কন্ডাক্টর খুচরা টাকা চান। মন্ত্রী জানান, তার কাছে খুচরা নেই। জবাবে কন্ডাক্টর নিজের টাকার ব্যাগ দেখিয়ে বলেন, তার কাছেও পর্যাপ্ত খুচরা নেই। এরপর তিনি মন্ত্রীকে খুচরা দিতে না পারলে বাস থেকে নেমে যেতে বলেন।

পরিদর্শনের সময় মন্ত্রী মুখে মাস্ক পরা থাকায় কন্ডাক্টর বুঝতে পারেননি যে, তিনি রাজ্যের পরিবহনমন্ত্রী। কোনো তর্ক না করে সুরেশ বাস থেকে নেমে যান।

সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত তিনি জয়ামহল, টিভি টাওয়ার, আরটি নগর, সিবিআই রোড, হেব্বাল, মান্যতা টেক পার্ক, নাগাওয়ারা, হেন্নুর, হেন্নুর বান্দে, বাইরাথি বান্দে ও গেদ্দালাহাল্লি রুটে বাসে ভ্রমণ করেন।

এ সময় তিনি কিছু দূর অটোরিকশাতেও যাতায়াত করেন। নাগাশেট্টিহাল্লি এলাকায় একটি অটোর মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও চালক তার কাছে ৩৬ রুপি দাবি করেন।

এ বিষয়ে প্রশ্ন করলে চালক জানান, মিটারের পুনঃসমন্বয় (রিক্যালিব্রেশন) করা হবে। পরে মন্ত্রী ৪০ রুপি পরিশোধ করে অটোরিকশা থেকে নেমে যান।

এই আকস্মিক পরিদর্শনের মাধ্যমে সাধারণ যাত্রীরা গণপরিবহনে প্রতিদিন যেসব সমস্যার মুখোমুখি হন, তার বাস্তব চিত্র সরাসরি তুলে আসে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *