আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের পক্ষ থেকে সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো। বিশেষ করে নিহত পরিবারগুলোর পাশে আমরা কীভাবে দাঁড়াতে পারি সেটা আমরা চেষ্টা করছি।

শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় যতটুকু পারি, আমাদের পক্ষ থেকে, দলীয় অবস্থান থেকে, আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সংশ্লিষ্ট সব সংগঠনকে নির্দেশ দিয়েছি। কেন্দ্র থেকে এটা আমরা সমন্বয় করছি।

তিনি বলেন, দেশের চারটি বিভাগে মূলত এ সমস্যা দেখা দিয়েছে। তার মধ্যে রয়েছে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ। এ চারটি বিভাগের অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। তবে রংপুর বিভাগ বেশি হুমকিতে পড়বে। যদি তিস্তার ওইদিক থেকে সব বাঁধ খুলে দেওয়া হয়, তাহলে যেটা প্রত্যেক বছরই হয়, আমাদের দুঃখ হয়ে আছে, সেই ঝামেলাটা দেখা দেবে।

বিরোধী দলীয় নেতা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে এ বিষয়ে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সে অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা জানি এ প্রজেক্ট অনেক বড় সময় লাগবে। কিন্তু আন্তরিকভাবে কাজটা শুরু হোক। দৃশ্যমানভাবে জনগণ এটা দেখতে চায়।

এরপর তিনি চট্টগ্রামে বিভিন্ন দুর্যোগে আক্রান্ত এলাকা পরিদর্শনে যান। প্রথমে পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা। সেখানে হাঁটু থেকে কোমর সমান পানি ডিঙিয়ে তিনি পানিবন্দি মানুষের কাছে ছুটে গিয়ে খোঁজ নেন । এরপর তিনি সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী ও চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপিসহ মহানগরী ও স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধস হচ্ছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *