নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলে মাসুদ মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ জুলাই) সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। মাসুদ ওই গ্রামের লাল মাহমুদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. ফরহাদ আলী বলেন, ভোর সাড়ে ৫ টায় স্থানীয়রা মাসুদের লাশ দেখে আমাকে খবর দেয়। পরে গিয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে। এটি নিঃসন্দেহে হত্যাকান্ড। কারণ তার এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।