মাত্র ১০ টাকায় প্রতি কেজি পণ্য পৌঁছে দেবে ডাক বিভাগ

নিজস্ব প্রতিবেদক:

ডিজিটাল প্রযুক্তি এবং আধুনিক অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সম্পূর্ণ নতুন ও গতিশীল রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রতিষ্ঠানটির আধুনিক ‘স্পিড পোস্ট’ সেবার মাধ্যমে ‘আজ বুকিং করলে আগামীকাল ঢাকা’ এবং সর্বোচ্চ ‘৪৮ ঘণ্টার মধ্যে সারা বাংলাদেশে’ পার্সেল পৌঁছে দেওয়া হচ্ছে।

পণ্য আপনার, দায়িত্ব আমাদের’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী এই পার্সেল পরিবহণ সেবা চালু করা হয়েছে।

ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে দেশব্যাপী প্রাথমিক পর্যায়ে ১১টি ফ্রাঞ্চাইজি মডেল পোস্ট অফিস পাইলট ভিত্তিতে চালু করা হচ্ছে। একই সঙ্গে ই-কমার্স খাতের লজিস্টিকস সাপোর্টের জন্য সারা দেশে ১৪টি সর্বাধুনিক ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হচ্ছে, যা বাংলাদেশের লজিস্টিকস ও পার্সেল সরবরাহ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলা যায়।

বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অবিশ্বাস্য রকমের কম পরিবহণ রেট বা ডাক মাশুল, যা বাজারে থাকা যেকোনো বেসরকারি কুরিয়ার সার্ভিসের তুলনায় কয়েক গুণ সাশ্রয়ী। প্রথম ১ কেজি মাত্র ১০ টাকা। পরবর্তী প্রতি কেজি মাত্র ৫ টাকা। খুবই কম খরচে পার্সেল পাঠানোর এই সুবিধা বিশেষ করে দেশের প্রান্তিক ও নারী ই-কমার্স উদ্যোক্তাদের ব্যবসায়ের খরচ কমিয়ে মুনাফা বাড়াতে বড় ধরনের ভূমিকা রাখছে। পার্সেল পাঠানোর আগে গ্রাহকেরা যাতে সহজেই খরচ হিসাব করতে পারেন, সে জন্য ডাক বিভাগ একটি ডিজিটাল ডাক মাশুল ক্যালকুলেটর চালু করেছে। গ্রাহকেরা নির্দিষ্ট লিংকে ভিজিট করে সহজেই তাদের পার্সেলের মাশুল হিসাব করে নিতে পারছেন।

স্পিড পোস্টের আরেকটি আধুনিক বৈশিষ্ট্য হলো এর ডিজিটাল ট্র্যাকিং সুবিধা। বুকিং করার পর প্রেরিত পার্সেলটি ঠিক কোন অবস্থানে রয়েছে, তা ঘরে বসেই অনলাইনে সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন গ্রাহকেরা। ডাক বিভাগের অফিশিয়াল ট্র্যাকিং লিংকের মাধ্যমে গ্রাহকেরা ২৪ ঘণ্টা পার্সেলের হালনাগাদ তথ্য পাচ্ছেন।

এ ছাড়া দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত ডাকঘরের বিশাল নেটওয়ার্কের কারণে যেকোনো প্রত্যন্ত অঞ্চল থেকে সহজেই পণ্য বুকিং ও বিতরণ করা সম্ভব হচ্ছে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পার্সেল পাঠানোর জন্য রয়েছে বিশ্বস্ত ইএমএস বা বৈদেশিক পার্সেল সেবা। আন্তর্জাতিক এই পার্সেলের অবস্থান ট্র্যাক করার জন্য রয়েছে গ্লোবাল লিংক।

গ্রাহকদের সুবিধার জন্য ডাক বিভাগ অত্যন্ত সহজ ও ঝামেলাহীন বুকিং প্রক্রিয়া নিশ্চিত করেছে। আপনার কাছের নির্ধারিত ডাকঘরে পণ্য বা পার্সেলটি নিয়ে এলেই পাঠানো যাচ্ছে পণ্য। বুকিং মাশুল পরিশোধ করে ট্র্যাকিং নম্বরসহ অফিশিয়াল রসিদ দেওয়া হয়। এরপর নির্ধারিত সময়ের মধ্যে পার্সেল পৌঁছে যাচ্ছে। ঢাকায় ২৪ ঘণ্টা, ঢাকার বাইরে ৪৮ ঘণ্টা সময় লাগবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *