ঝালমুড়ির প্রলোভনে ৭ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ীর পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা লুৎফর বিশ্বাসকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, নরসিংদীর মাধবদীতে এক কিশোরী ও বাকপ্রতিবন্ধী তরুণী এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
পাংশায় নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। এই ঘটনায় গতকাল বুধবার শিশুটির মা বাদী হয়ে লুৎফরের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা করেছেন। মামলার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তিনি উপজেলার পাট্টা ইউনিয়নের জোনা পাট্টা গ্রামের মৃত আজাহার বিশ্বাসের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত লুৎফর বাড়ির কাছেই ঝালমুড়ি বিক্রি করত। গত মঙ্গলবার দুপুরে ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। দুপুরে শিশুটি বাড়ি ফেরার পর তার শারীরিক অবস্থা দেখে মায়ের সন্দেহ হয়। প্রথমে ভয়ে কিছু না বললেও পরে সে ঘটনাটি খুলে বলে। শিশুটির পেটে ও বুকে ক্ষতের চিহ্ন রয়েছে। বিকেলে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। শিশুটি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, মামলার একমাত্র আসামি লুৎফরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মাধবদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
নরসিংদীর মাধবদীতে এক কিশোরী (১৩) ও এক বাকপ্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে আওলাদ হোসেন (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত আওলাদ সদর উপজেলার মাধবদী থানার বরদেরকান্দি গ্রামে মৃত মোশারফ হোসেনের ছেলে। গত মঙ্গলবার ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত পলাতক।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে আওলাদ ওই কিশোরীকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে ওই কিশোরীর মাধ্যমে ডেকে এনে গ্রামের আরেক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে। প্রতিবন্ধী তরুণী পুরো ঘটনা তাঁর মাকে খুলে বললে বিষয়টি জানাজানি হয়। এর পর ভুক্তভোগী পরিবার মাধবদী থানায় লিখিত অভিযোগ করে।

সরাইলে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২২ জুন সরাইলের বিশ্বরোড কুট্টাপাড়া এলাকার মাদ্রাসায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আব্দুল হান্নান (২৫) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের বাসিন্দা।
নির্যাতনের পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে গত ২৪ জুন তাকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন ভুক্তভোগীর বাবা অষ্টগ্রাম থানায় অভিযোগ দিলেও ঘটনাটি সরাইল থানা এলাকার হওয়ায় দুই থানার মধ্যে টানাপোড়েন তৈরি হয়।
অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান জানান, তারা সরাইল থানাকে প্রয়োজনীয় তথ্য পাঠিয়েছেন এবং পরিবারটিকে সেখানে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *