শিক্ষককে প্রাণনাশের হুমকি, বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু-চিরকুট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামে এক স্কুল শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১ জুলাই) সকালে কসবা গ্রামের মোল্লাপাড়ার বাসিন্দা রজব আলীর ছেলে গাংনী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্কাস আলী তার বাড়ির সামনে এগুলো দেখতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে গত প্রায় ছয় মাস ধরে আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিরোধপূর্ণ জমি পরিমাপ করেন। আজ বুধবার জমি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সহকারী কমিশনারের কার্যালয়ে যাওয়ার কথা ছিল ভুক্তভোগী শিক্ষকের। কিন্তু এর আগেই রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু ও একটি হুমকিমূলক চিরকুট রেখে যায়।

উদ্ধার হওয়া চিরকুটে রাস্তার পাশ দিয়ে পানি চলাচলে বাধা না দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ওই শিক্ষককে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। জমি সংক্রান্ত শুনানিতে বাধা দিতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *