নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার নাঙ্গলকোটে বাবা, মা ও ছোট ভাইয়ের বিরুদ্ধে নির্যাতন ও মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করার চার দিন পর আব্দুল কাদের নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ৯৯৯ নম্বরে কল পেয়ে উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় এলাকার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল কাদের (২২) উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা পশ্চিমপাড়া নতুন বাড়ির লিটনের ছেলে। লাশ উদ্ধারের পর থেকেই তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) আব্দুল কাদের তার বাবা লিটন (৪৮), মা কাজল বেগম (৪২) ও ছোট ভাই রাকিব হোসেনের (২০) বিরুদ্ধে নির্যাতন ও মারধরের অভিযোগ এনে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের চার দিন পর সোমবার সকালে স্থানীয়রা পদুয়ারপাড় এলাকার একটি খালে লাশ ভাসতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্বজনরা লাশটি আব্দুল কাদেরের বলে শনাক্ত করেন।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মাকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া নিহতের দায়ের করা অভিযোগের বিষয়ে যোগাযোগ করতে গিয়ে পুলিশ তার মোবাইল ফোন বন্ধ পায়। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।