নরসিংদীতে নিখোঁজের ৪ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজের চার দিন পর তাসকিয়া (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি চর এলাকার একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাসকিয়া পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় তাসকিয়া। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

সোমবার সকালে স্থানীয়রা বালুয়াকান্দি চর এলাকায় একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি তাসকিয়ার বলে শনাক্ত করেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *