২৫ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা, ভাই-বোন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের মেহেন্দীগঞ্জে একটি হত্যার ঘটনার পরে প্রায় ২৫ বছর ধরে পলাতক ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দীন (৪৬) ও আসমা বেগম (৪৪)। সম্পর্কে তারা ভাই-বোন। তারা পরিচয় পাল্টে, অবস্থান বদল করেও শেষ রক্ষা পাননি।বুধবার (১৩ মে) বিকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে কাজীরহাট থানা পুলিশ।কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার জসিম উদ্দীন ও আসমা বেগম উপজেলার কাজীরহাট থানার আজিমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে ও মেয়ে। ২০০১ সালের একটি হত্যা মামলায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বলে জানায় পুলিশ।

কাজীরহাট থানা পুলিশ জানায়, আজিমপুর এলাকায় একটি হত্যার ঘটনায় ২০০১ সালে মেহেন্দীগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। ওই মামলায় আদালত জসিম উদ্দিন ও আসমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া আদালত এই দুই আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। মামলার পরে আসামিরা আদালতে হাজির কিংবা কারাদণ্ডের পর আত্মসমর্পণ না করায় আদালত তাদের বিরুদ্ধে কয়েকবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
কাজীরহাট থানার সহকারী উপ-পরিদর্শক মহিউদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করেন। পরে বুধবার বিকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এএসআই মহিউদ্দীন জানান, হত্যা ও মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। তারা পরিচয় পাল্টে দীর্ঘ ২৫ বছর ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন এলাকায় অবস্থান করছিলেন। তাদের অবস্থান শনাক্ত এবং পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই ভাই-বোনকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার তাদের দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *