সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি সিলেটের বিভিন্ন বিষয়ে আলোচনায় আসেন জেলা প্রশাসক সারওয়ার আলম। সর্বশেষ সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানের ঐতিহাসিক ডেগ ও দানবাক্সে শৃঙ্খলা এনে আলোচনায় আসেন তিনি। গত বৃহস্পতিবার মাজারের দানবাক্স সিলগালা করার পর গতকাল শনিবার সেগুলোর পর্যবেক্ষণ ও নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন।

মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনা এবং দান-খয়রাত তথা মানুষের পুণ্যরথের টাকার সঠিক হিসাব রাখতে তিনি এমন উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু মাজার কর্তৃপক্ষ এর বিরোধিতা শুরু করেন।

এ ছাড়া তিনি যোগদানের পর সিলেটের লুট হওয়া সাদা পাথর উদ্ধার ও পাথর ভাঙার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ বেশ কিছু বিষয়ে আলোচনায় আসেন। গত এপ্রিল ও মে মাসে জেলা প্রশাসনের মালিকানাধীন নগরীর জিন্দাবাজারের বাংলাদেশ ওভারসিজ সেন্টার ভবন ও কালেক্টরেট মসজিদ মার্কেটের ৭টি দোকান সিলগালা করে আলোচনার জন্ম দেন। সে সময় ব্যবসায়ীরা উচ্চ আদালতে রিট আবেদনও করেন।

জেলা প্রশাসক সারওয়ার আলম এর আগে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সারাদেশে পরিচিতি পান। সে সময় তার বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ দেশজুড়ে সাড়া ফেলেছিল। গত বছরের ২১ আগস্ট সিলেটে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পরও বিভিন্ন প্রশংসনীয় ও কড়া উদ্যোগের কারণে তিনি আলোচনায় ছিলেন।

প্রত্যাহারের প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করার কথা বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *