বিনোদন ডেক্স :
সামাজিক যোগাযোগমাধ্যম অনেক তরুণ-তরুণীর জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে খুব কম মানুষই ভার্চ্যুয়াল জগৎ থেকে বাস্তবের তারকাখ্যাতির মঞ্চে পৌঁছাতে পারেন। সেই বিরল উদাহরণগুলোর একটি নাম ধর্না দুর্গা। ইনস্টাগ্রামের মজার ভিডিও থেকে শুরু করে বলিউডে মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরির মতো তারকাদের সঙ্গে অভিনয়—ধর্নার যাত্রা যেন এক আধুনিক রূপকথা। তবে এই সাফল্যের পেছনে রয়েছে সংগ্রাম, শোক আর কঠিন বাস্তবতার গল্প।
দিল্লির এক সাধারণ মেয়ের স্বপ্ন
ধর্না দুর্গার বেড়ে ওঠা দিল্লিতে। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তাঁর আগ্রহ ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি নাচ ও নাটকের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন। বিশেষ করে অভিনয়ের প্রতি তাঁর টান ছিল প্রবল। কিন্তু সেই স্বপ্নের পথে হঠাৎই বাধা হয়ে দাঁড়ায় করোনা মহামারি।
লকডাউনের কারণে কলেজের কার্যক্রম বন্ধ হয়ে যায়। মঞ্চে অভিনয় বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগও হারিয়ে ফেলেন তিনি। তখনই নিজের সৃজনশীলতাকে অন্যভাবে প্রকাশ করার পথ খুঁজতে শুরু করেন।
মজার বিষয় হলো, ধর্না নিজেই একসময় সামাজিক যোগাযোগমাধ্যমকে সময় নষ্টের মাধ্যম মনে করতেন। কিন্তু বন্ধুদের সঙ্গে মজার ছলে বিভিন্ন চরিত্রের অনুকরণ করে ভিডিও পাঠানোর অভ্যাস তাঁর জীবন বদলে দেয়।
বন্ধুরা ধর্নাকে পরামর্শ দেন, ভিডিওগুলো অনলাইনে পোস্ট করতে। ২০২০ সালের মে মাসে তিনি প্রথম ভিডিও প্রকাশ করেন। ধীরে ধীরে তাঁর অভিনয়, অভিব্যক্তি ও বাস্তব জীবনের চরিত্রগুলোকে নিখুঁতভাবে তুলে ধরার দক্ষতা দর্শকদের নজর কাড়ে।
কীর্তনের আন্টি, বিউটি পার্লারের দিদি কিংবা আত্মীয়স্বজনের পরিচিত নানা চরিত্র—সবকিছুই তাঁর ভিডিওতে জীবন্ত হয়ে উঠতে থাকে।